মাগুরা জেলা পুলিশের তত্ত্বাবধানে পুলিশ লাইন্স, মাগুরায় “হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা।
গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ নাসরিন, সভাপতি, পুলিশ নারী কল্যাণ (পুনাক), মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফাইয়া তাসনিম সিলভিয়া, সহ-সভাপতি, পুনাক, মাগুরা এবং মানসুরা আল সালসাবিল, সদস্য, পুনাক, মাগুরা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য সকলকে আহ্বান জানান।
সভাপতি নাহিদ নাসরিন তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং তাদেরকে বিভিন্ন হস্ত ও কুটির শিল্প বিষয়ে দক্ষ করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাকের সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিল।