সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ইন্না ও তার ছেলে ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টায় শহরের বাজার স্টেশন এলাকায় কড়িগাছের নিচে তারা অনশন কর্মসূচি শুরু করেন জিসানের মা শাপলা আহমেদ,দাদি বেগম খোদেজা মান্নান,চাচা শফিকুল ইসলাম জিন্নাসহ পুরো পরিবার।
ছেলে স্বামীর নিরাপত্তা ও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে অনশনে বসেছেন দাবি করে জিসানের মা শাপলা আহমেদ জানান,একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর হস্তক্ষেপ কামনা করছি।
অনশনস্থলে শাপলা আহমেদ বলেন, আমার স্বামী-সন্তানের জীবন নিয়ে প্রতিনিয়ত শঙ্কায় থাকতে হচ্ছে। হুমকিদাতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আমরণ অনশনে নেমেছি। আমার সন্তানের নিরাপত্তা এবং ন্যায়বিচার চাই।
পরিবারের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু দীর্ঘদিন ধরে শাফিন আহমেদ জিসানকে হত্যার হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আসছেন। একাধিক অভিযোগ দেওয়ার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন। এর আগে, সোমবার সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শাপলা আহমেদ অভিযোগ করেন, গত রবিবার রাতে ফোনে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়া হয়।
একই সঙ্গে তার স্বামী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকিও দেওয়া হয়। এ ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরো জানান, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের একটি ফেসবুক পোস্ট এবং পরে তার ছেলের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই এই ঘটনার সূত্রপাত। এরপর থেকে ছানোয়ার হোসেন সানু নিয়মিত ফোনে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহমেদ শামীমকে দ্রুত গ্রেপ্তার, ছানোয়ার হোসেন সানুকে দল থেকে বহিষ্কার এবং পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে, সোমবার রাতে শাপলা আহমেদ সিরাজগঞ্জ সদর থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার সকাল থেকে শহরের বাজার ষ্টেশন কড়িতলায় জিসানের পরিবার অনশন চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগেও গত ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। একই সঙ্গে সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে পরিবারটি জানিয়েছে।