যশোরে মণিরামপুর উপজেলায় তরকারিতে লবণ কম হওয়াকে কেন্দ্র করে শাশুড়ির বকাঝকায় অভিমান করে সিনথিয়া আক্তার (১৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে ৩০ জুলাই (বৃহস্পতিবার) রাতে উপজেলার মথুরাপুর গ্রামে। নিহত সিনথিয়া ওই গ্রামের আল আমিন হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ৩০ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিনথিয়া রাতের রান্না শেষ করেন। রাত ৯টার দিকে পরিবারের সবাই একসঙ্গে খেতে বসলে তরকারিতে লবণ কম হওয়ায় শাশুড়ি তাকে বকাঝকা করেন। শাশুড়ির ওপর অভিমান করে পরবর্তীতে সবার অগোচরে নিজের শয়নকক্ষে যান তিনি।

একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিকিৎকার দিলে স্থানীয়রা এসে ঝুলন্ত দেহ নিচে নামান।

তবে মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।