গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিয়ার রহমান সোহাগের সঞ্চালনায় বক্তব্য দেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, ডা. সাহারুল ইসলাম সাগর, সহকারী ডেন্টাল সার্জন ডা. সোলাইমানুর রহমান, সহকারী সার্জন ডা. এ. কে. এম. কামরুল হক, সহকারী সার্জন ডা. মারুফ হাসান, সিনিয়র স্টাফ নার্স আলপনা দত্ত এবং স্বাস্থ্য পরিদর্শক জুলফিকার আলী সরদার চন্দন।
আলোচনা সভায় বক্তারা নবজাতক ও শিশুর সুস্থ বিকাশে মায়ের দুধের গুরুত্ব, জন্মের পরপরই শিশুকে শালদুধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধ খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।
সভা শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।