সিরাজগঞ্জের কামারখন্দে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রিকশা ও ভ্যান শ্রমিকদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল এগারোটায় কামারখন্দ উপজেলার চৈরাগাতি খেলার মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং আসন্ন কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল কায়েস।
মতবিনিময় সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দু’পাশে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
মতবিনিময় সভায় রিকশা ও ভ্যান শ্রমিকরা তাঁদের দৈনন্দিন নানা সংকট ও সমস্যার কথা তুলে ধরেন। তাদের কথা গুরুত্বের সাথে শুনে আব্দুল্লাহ আল কায়েস বলেন, মেহনতি মানুষ ও শ্রমজীবী সমাজই আমাদের অর্থনীতি এবং উন্নয়নের মূল চালিকাশক্তি। রিকশা ও ভ্যান চালক ভাইয়েরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সাধারণ মানুষকে সেবা দিয়ে যান। অথচ তারা প্রায়শই মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকাই তাঁর রাজনৈতিক ও সামাজিক মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে তিনি কামারখন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।
উক্ত অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।