সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী বন্ধু একক সংঘের আয়োজনে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমকালো ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় ভেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। খেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শক মাঠে ভিড় জমান। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে পুরো ম্যাচজুড়ে ছিল উৎসবের আমেজ।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব। চমৎকার পাসিং, সমন্বিত আক্রমণ এবং দৃঢ় রক্ষণভাগের কারণে প্রতিপক্ষ শেরপুর স্পোর্টিং ক্লাব ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি।
রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে শেরপুর স্পোর্টিং ক্লাবকে ৩–০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব। পুরো ম্যাচে বিজয়ী দলের খেলোয়াড়রা দৃষ্টিনন্দন ফুটবল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।
খেলা শেষে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান ও বিশেষ অতিথি জামায়াত নেতা মাওলানা আলাউদ্দিন আল আজাদ বিজয়ী এবং রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজক কমিটির সদস্যরা অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’’
বিশেষ অতিথি ৭নং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘‘গ্রামীণ পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটলে যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।’’ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজনে তিনি পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, এ ধরনের আন্তঃজেলা টুর্নামেন্ট শুধু বিনোদনের উৎস নয়, বরং এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
টুর্নামেন্টের আয়োজক ভেংড়ী বন্ধু একক সংঘ ক্লাবের সভাপতি মোঃ ইমদাদুল হক শাহরুল বলেন, ‘‘গ্রামীণ পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানো এবং তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই আমাদের এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। বিভিন্ন জেলার দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত ও সফল হয়েছে। দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অতিথিদের আন্তরিক সহযোগিতায় আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।’’