কুমিল্লা জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মো. আলী আশরাফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
গত রাত ২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার খোদেদাউদপুর গ্রামের মরহুম ওসমান গনি সরকারের বড় ছেলে।
গতকাল সোমবার বাদ যোহর খোদেদাউদপুর খেলার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার ছোট ভাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম নজরুল ইসলাম এবং বড় ছেলে কাস্টমস কর্মকর্তা শাহরিয়ার সুজন। বক্তব্যে তারা মরহুমের জীবনের ভুলত্রুটি ও জিবদ্দশায় তিনি কারও মনে কষ্ট দিয়ে থাকলে তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তার জন্য মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া চান।
জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের মেজো ভাই সাবেক ডিআইজি মাহবুব আলম ও ছোট ছেলে সোহেল শাহনেয়াজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।