রংপুরের পীরগঞ্জ উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন কৃষক, দিনমজুর ও অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ পাঁচমাথার মোড়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।
মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও খালাশপীর কারিগরি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, মাই টিভির রংপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বখতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন এবং উপকারভোগী মনোয়ারা বেগম ও আব্দুল ওহাব আলী।
সভা শেষে প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের ৫০০ পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন।