চাঁদপুরে জৈনপুর বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নুরুল আমিন নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজি চালকসহ ৩ জন আহত হয়েছেন।

বুধবার ৫ আগষ্ট বিকেলে শহরের বাবুরহাট পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।

নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা বলে জানা যায়। এছাড়া আহতরা হলেনঃ চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) ও সবািশপুর গ্রামের কবির (৪০)। আহতদের মধ্যে সিএনজি চালক রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও আহতরা জানান, দ্রুতগামী জৈনপুর বাসটি চাঁদপুরে আসার সময় ও সিএনজিটি মতলব যাওয়ার সময় আলিকার দোকানের কাছে দূর্ঘটনাটি ঘটে। জৈনপুর বাসের কোন রোড পারমিট নেই। বাসটি ছোট হিসেবে অনেক ঝুঁকি নিয়ে দ্রুত চালায়। তারা প্রায়ই সড়কে দূর্ঘটনা করে থাকে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেন না। পরে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আসিবুল আহসান বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই নুরুল আমিন মারা যায়। আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।