বগুড়ার নন্দীগ্রামে চোরাই ব্যাটরিচালিত অটোভ্যানসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ পুনাইল বাজার এলাকায় সন্দেহজনকভাবে একটি অটোভ্যান নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামের মৃত সোলাইমানের ছেলে শুকুর আলী (৩০) ও একই গ্রামের জিয়ারুল হক তানসেনের ছেলে সাকিল (২৫)। পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরাই অটোভ্যানসহ আটক দুজনকে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালিশ গ্রামের শাহজামালের প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোভ্যান গত মঙ্গলবার রাতে বাড়ির বারান্দা থেকে চুরি হয়। প্রতিদিনের মতো সেদিনও ভ্যানটি চার্জে দিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে ভ্যানটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তারা।
ভ্যানের মালিক শাহজামালের ছেলে শহীদ (২৫) বলেন, গত মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো বাড়ির বারান্দায় ভ্যানটি চার্জে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখি ভ্যানটি নেই। এরপর প্রতিবেশীদের বিষয়টি জানিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সকালে জানতে পারি পুনাইল বাজারে স্থানীয় লোকজন চোরাই ভ্যানসহ দুইজনকে আটক করেছে। পরে সেখানে গিয়ে চুরি হওয়া আমাদের ভ্যানটি শনাক্ত করি।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই অটোভ্যান উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।