নিরাপদ সড়ক প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১১তম মহাসমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া এ মহাসমাবেশ দিনব্যাপী চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। উদ্বোধক ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।
বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দুর্ঘটনা কমাতে সড়ক পরিবহন আইন কঠোরভাবে বাস্তবায়ন, দক্ষ চালক তৈরি, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন মালিক-শ্রমিক, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নিসচার নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, সড়ক নিরাপত্তা আন্দোলনের কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করতে দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।