মাগুরা সদর উপজেলার ৭নং মঘী ইউনিয়নের সামাজিক নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার বিকেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক দ্বন্দ্ব ও দালাদলি নিরসন এবং সার্বিক জননিরাপত্তা জোরদারকরণ বিষয়ে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। তিনি তাঁর বক্তব্যে বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামাজিক দালাদলি, মাদক ও জুয়া প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ইউনিয়নের বিভিন্ন সামাজিক সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং তা নিরসনে করণীয় বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সামাজিক নেতৃবৃন্দ তাঁদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন এবং পুলিশ প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) ও অতিরিক্ত দায়িত্বে সদর সার্কেল, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ এবং মঘী ইউনিয়নের জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুলিশের এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানায়।