নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে বগুড়ার নন্দীগ্রামের তাহমিদ সরকার আপন (১২) নামের এক মেধাবী শিক্ষার্থী। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা সরকার পাড়া বাসিন্দা এবং বর্তমানের নন্দীগ্রাম পৌর এলাকার থানা সংলগ্ন এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী ব্যবসায়ী আলমগীর হোসেন সরকার হিন্ডিসের এক মাত্র ছেলে।
নিহত তাহমিদ সরকার আপন নন্দীগ্রাম মা কেজি একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তিনি ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। শিক্ষক ও স্বজনদের ভাষ্য, ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন।
পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগষ্ট) ছুটির দিনে নন্দীগ্রাম মা কেজি একাডেমির শিক্ষকদের আয়োজিত নৌকা ভ্রমণে নাটোরের সিংড়ার চলনবিলে যান তাহমিদ সরকার আপন। তার দুই বোন ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় তাদের সঙ্গে তিনিও ভ্রমণে অংশ নেন। সকালে সিংড়া থেকে নৌকাযোগে চলনবিলে যাত্রা শুরু হয় তাদের। দুপুরের দিকে তারা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিলসা এলাকায় পৌঁছান।
এরপর দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বিলসা এলাকার ‘নামা ব্রিজ’ নামে পরিচিত একটি সেতুর নিচে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে আপন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।
প্রায় এক ঘণ্টা পর সেখানে ভ্রমণে আসা অপর একটি দলের কয়েকজন গোসল করতে নামলে তাদের একজনের পায়ের সঙ্গে আপনের দেহের স্পর্শ লাগে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম মা কেজি একাডেমির শিক্ষক শামিমুর রহমান আপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে আমার গভীরভাবে শোকাহত ।