খুলনার বাইপাস-তেলিগাতী সড়কে আরএফএল কোম্পানির একটি পিকআপের সঙ্গে মাছবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার ০৯ আগস্ট সকালে তেলিগাতী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাছবাহী ভ্যানটি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরএফএল-এর পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহত ভ্যানচালকের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে শত শত মানুষ জড়ো হলে সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ও ভ্যানটি হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে থানা পুলিশ।