ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ কোহিনুর আক্তার বৃষ্টি (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ০১:১৫ মিনিটে পীরগঞ্জ পৌর শহরের জগথা স্টেশনপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক কোহিনুর আক্তার বৃষ্টি ওই এলাকার সুজনের স্ত্রী।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী দল জগথা স্টেশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) এর সারণী ২৯ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।