খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় বাড়িতে ঢুকে এক যুবককে খুঁজে না পেয়ে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিমুল (৩০) নামে এক গৃহবধূ কোমরে গুলিবিদ্ধ হয়েছেন।
আজ সোমবার ১০ আগস্ট সকাল আনুমানিক ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন অস্ত্রধারী যুবক মুকুলের বাড়িতে ঢুকে তার ছেলেকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মুকুলের স্ত্রী শিমুলের কোমরে লাগে।
গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শিমুলকে হাসপাতালে নিয়ে যান।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।