খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামের যুবককে ইটভাটায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ১১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ০১টার দিকে খুলনার রূপসা উপজেলার ০৩ নং নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা নামক স্থানে মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট ভাই। তার দুটি মেয়ে রয়েছে।

স্বজনরা জানান, ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে তিনি রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। ঘটনার রাতে ইটভাটার ভেতরে ছিলেন ফখরুল।

দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। ফখরুল গুলিবিদ্ধ হওয়ার খবর পান তার মেজ ভাই ফরহাদ শেখ। খবর পেয়ে তিনি দ্রুত ইটভাটায় গিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি লাগে ঘাড়ে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়। তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ফখরুলের ভাইয়ের ইটভাটায় হত্যাকান্ডটি ঘটেছে।

ফখরুলের রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ফখরুলের ভাই যুবদল করেন। কিন্তু তার কোন রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।