ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরচর সংলগ্ন এলাকায় কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র কয়েকজন সহযোগী ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা বুধবার রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্বপন বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-মনপুরার কাজিরচর এলাকার নূর উদ্দিন রুবেল (৩৫) ও মো. বাচ্চু মিয়া (২৫)।

কোস্ট গার্ডের দাবি, তারা দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রমে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে। আটক নূর উদ্দিন রুবেল কাজিরচর, ১ নম্বর ওয়ার্ড, কলাতলী ইউনিয়নের বাসিন্দা। অপর আটক মো. বাচ্চু মিয়া একই এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. আজহার উদ্দিন ব্যাপারী। আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।