ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যাকমুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামে শুক্রবার ভোর ৫টার দিকে নেশার টাকা না দেওয়ায় শখের বানু (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নেশাগ্রস্ত ছেলে এখলাছের (৩০) বিরুদ্ধে। নিহত শখের বানু ওই গ্রামের জেকের আলীর স্ত্রী।

সকালে ভাত খাওয়ার জন্য ডাকতে তার ছোট ছেলের স্ত্রী ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় শখের বানুর মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাটি জানতে পারেন।

হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সীমান্তবর্তী এলাকার একটি মাঠ থেকে এখলাছকে আটক করে পুলিশে সোপর্দ করেন। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।