কানাডা পাঠানোর নামে ৮৫ জন ব্যক্তির কাছে এক কোটি সাতাশ লক্ষ হাতিয়ে নেয়ার অভিযোগে ভিসা প্রতারক মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে (২৫) আটক করেছে নীলফামারীর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী এ. বি. এম ফয়জুল ইসলাম ।

বুধবার (১০ ডিসেম্বর) সৈয়দপুর উপজেলার খালিসা ধুলিয়া এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় । আটককৃত মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবু ওই এলাকার মোঃ আদর আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানান, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট জেলার বালাগঞ্জ থানা এলাকার মৃত ছোয়াব উল্লা ছেলে নিজাম উদ্দিন (৫৬) সহ ৮৫ জন ব্যক্তি এক কোটি সাতাশ লাখ টাকা অনলাইন ভিসা প্রতারণার শিকার হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশকে জানায় । এরই প্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার সত্যতা পায় এবং প্রত্যক্ষ ভাবে জড়িত মোঃ সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে অভিযান পরিচালনা করে আটক করে ।

জেলা গোয়েন্দা বিভাগ জানান, তাঁকে আটকের পর ঘরে তল্লাশি চালিয়ে বিভিন্ন লোকের ১৯ টি জাল পাসপোর্ট, টাকা সহ পাসপোর্ট দেয়ার হিসাবের খাতা ,একটি সিডনি অস্ট্রেলিয়া Biggest কোম্পানীর আইডি কার্ড,, জাল কানাডিয়ান ১০০০ ডলারের ৩৫ টি নোটের বান্ডিল, জাল কানাডিয়ান ৫০০ ডলারের ৩৭ টি নোটের বান্ডিল একটি, জাল কানাডিয়ান ১০০ ডলারের ৩২ টি নোটের বান্ডিল একটি, এছাড়াও অন্যান্য দেশের মুদ্রার পৃথক পৃথক দুটি বান্ডিল যার মধ্যে ১টি বান্ডিলে ৭০টি নোট অপর একটি বান্ডিলে ৪০ টি নোট এছাড়াও প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যান্ড টেলিফোন উদ্ধার করে ।

এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেন বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে সে তাঁর সহযোগী সহ অজ্ঞাতনামা ব্যক্তির সহায়তায় প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছে কানাডিয়ান ভিসা দেবার কথা বিকাশ ও নগদ সহ ব্যাংক এর মাধ্যমেও বিভিন্ন তারিখ ও সময়ে এক কোটি সাতাশ লক্ষ টাকা গ্রহন করেছে বলে স্বীকার করেন।

তিনি আরোও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সৈয়দপুর থানায় সাইবার সুরক্ষা এবং জাল টাকা ও ডলার থাকায় পেনাল কোড আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।