নীলফামারীর ডিমলায় তিস্তা প্রধান সেচ ক্যানেলে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীসহ আপন খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার এলাকার আবুল হোসেনের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারজানা আক্তার পাখি (১১) এবং নাউতারা নিজপাড়া গ্রামের মো. সেলিম হোসেনের মেয়ে সিনহা আক্তার (৪)। সম্পর্কে তারা আপন খালা ও ভাগ্নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পাখি ও সিনহাসহ তিন শিশু তুহিন বাজার সংলগ্ন তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নামে। একপর্যায়ে পাখি ও সিনহা পানিতে তলিয়ে যায়। অপর শিশুটি কোনোভাবে পানি থেকে উঠে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্যানেলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় তল্লাশির পর পানির নিচ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা নিশ্চিত হন, দুজনেরই মৃত্যু হয়েছে।

এদিকে, একই পরিবারের দুই প্রজন্মের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়রা জানান, তিস্তা সেচ ক্যানেলের বিভিন্ন স্থান গভীর ও ঝুঁকিপূর্ণ হলেও শিশুদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেই।

স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ সেচ ক্যানেলের পাশে সতর্কতামূলক সাইনবোর্ড, নিরাপত্তা বেষ্টনীসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব। ভবিষ্যতে প্রাণহানি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ চান তারা।

ডিমলা থানার ইনচার্চ মোঃ শওকত আলী সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন