রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মিলেরপার এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে রিফায়েত আহমেদ হিদয় (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর তিনি মোটরসাইকেলসহ ট্রাকের ভেতরে ঢুকে গেলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। স্থানীয়দের সহায়তায় ট্রাকের ভেতর থেকে তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মমিনপুরের মিলেরপার এলাকার জহুড়িয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফায়েত আহমেদ হিদয় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।তবে পড়াশোনার কারণে তিনি বাবার সঙ্গে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রংপুর থেকে বদরগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন হিদয়সহ দুজন।তারা মমিনপুর মিলেরপার এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি অটোকে অতিক্রম করার চেষ্টা করেন।এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রচণ্ড সংঘর্ষে মোটরসাইকেলের চালক ট্রাকের ভেতরে ঢুকে যান। অন্যদিকে পেছনে থাকা রিফায়েত ছিটকে পড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহত দুজনকে উদ্ধারের চেষ্টা শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও সাবেক ইউপি সদস্য জিয়ারুল ইসলাম বলেন, “আমার চোখের সামনে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমরা ট্রাকের ভেতরে মোটরসাইকেলের চালককে দেখতে পাই।তার মাথার হেলমেটটি আটকে ছিল। স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে বের করে আনা হয়। আর অন্য ছেলেটিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।”

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে থাকা মানুষজন তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে এগিয়ে আসেন। বিশেষ করে ট্রাকের ভেতরে চালক আটকে থাকায় তাকে বের করে আনতে বেশ বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়।

পরে গুরুতর আহত অবস্থায় দুজনকেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফায়েত আহমেদ হিদয়কে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হিদয়ের মৃত্যুর খবরে তার পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্কুলপড়ুয়া এই কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায়ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রংপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ইটবোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ,মমিনপুর মিলেরপার এলাকার এ সড়কে যানবাহনের চলাচল বেশি। অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও রয়েছে। তাদের দাবি, সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার (ওসি)এ কে এম নাজমুল কাদের জানান, মমিনপুর ইউনিয়নের মিলেরপার এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ১৬ বছর বয়সী স্কুলছাত্র রিফায়েত আহমেদ হিদয় নিহত হন। সংঘর্ষের সময় মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। এতে ট্রাকচালকও ট্রাকের ভেতরে আটকা পড়েন, তবে তিনি প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।