বগুড়ার নন্দীগ্রামে পানিতে ডুবে আবু হোসাইন নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে পৌর এলাকার চুকাইপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হোসাইন চুকাইপাড়া গ্রামের ওসমান গণির ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশু আবু হোসাইন বাড়ির পাশে বল খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।
পরে তাকে নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিগন্তময় সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।