গাজীপুরের কালিয়াকৈরে নিরাপদ মহাসড়ক পারাপারের লক্ষ্যে মৌচাক ফুটওভার ব্রীজের দাবীতে মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীসহ এলাকাবাসী। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মৌচাক এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পড়েন ওই মহাসড়কে চলাচলরত পরিবহন শ্রমিক ও যাত্রীরা।

এলাকাবাসী, শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল হওয়ায় এ উপজেলা দেশের বিভিন্ন জেলা-উপজেলার লক্ষ লক্ষ মানুষ এখানে বসবাস করে।

একারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটওভার ব্রীজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু ব্যস্ততম ও জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও উপজেলার মৌচাক এলাকায় ফুটওভার ব্রীজ নেই। এখানে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ি, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শ্রমিকরা ওই স্থানে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছেন।

তারা প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। প্রায় নিয়মিত সেখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এমন কি প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে ঘটছে প্রাণহানির মতো ঘটনা। এখানে ফুটওভার ব্রীজ নিমার্ণের জন্য বার বার তাগিদ দিলেও যেন টনক নড়ছে না সড়ক ও জনপথ বিভাগের।

এ জন্য নিরাপদ মহাসড়ক পারাপারের লক্ষ্যে মৌচাক ফুটওভার ব্রীজের দাবীতে শুক্রবার সকাল ১১টার দিকে মহাসড়কটি অবরোধ করে শিক্ষার্থীসহ এলাকাবাসী। পরে তারা মহাসড়কের ওপর দাড়িয়ে ও বসে বিক্ষোভ করতে থাকে। এসময় মহাসড়কের ওই স্থানে যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

ডবক্ষুব্দরা জানিয়েছেন, ব্যস্ততম এই মহাসড়কের মৌচাকে একটি ফুটওভার ব্রীজ অত্যন্ত জরুরি। এখান দিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে। এর মধ্যেই প্রতিদিন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে মৌচাকে একটি ফুটওভার ব্রীজ নিমাণের দাবী জানিয়ে আসছেন তারা। এ বিষয়ে সড়ক বিভাগের কাছে একাধিকবার লিখিত আবেদন করেও কার্যকর কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। তাই এখানে ফুটওভার ব্রীজের দাবীতে আমরা বাধ্য হয়ে মহাসড়কে নেমেছি। তবে অতিদ্রুত মৌচাকে ফুটওভার ব্রীজের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিক্ষুব্দদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

এব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, মৌচাক এলাকায় একটি ফুটওভার ব্রীজ প্রয়োজন। তবে সংশ্লিষ্ট সড়ক বিভাগের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।