ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়া এলাকায় মেসের খাবার নিয়ে তর্কের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আহমেদ (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কাউসার ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি হরিণাকু-ুর চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। পুলিশ জানায়, খাবার ও বাজার করা নিয়ে মেস ম্যানেজারের সঙ্গে লিখন হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়।
কাউসার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তার সঙ্গেও লিখনের তর্ক হয়। একপর্যায়ে কাউসার কাঠের বাটাম দিয়ে লিখনকে আঘাত করলে লিখন ছুরি দিয়ে তার পিঠে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত লিখনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।