মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার মুজদিয়ায় অবস্থিত শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জন্য ১০টি সিলিং ফ্যান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবহনের জন্য ২টি ভ্যান, বিদ্যালয় অফিসের জন্য ১টি আলমারি এবং খেলাধুলার জন্য ফুটবল প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, বিদ্যালয় ও প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার সভাপতি সুমন মজুমদার, সহকারী শিক্ষক আনিচুর রহমান, মিঠুন কুমার, সুকান্ত বাড়ইসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। তিনি বলেন, অটিজম সম্পর্কে আমাদের জানা জরুরি অটিজম কোনো অভিশাপ নয়, আবার শিশুটিকে সমাজের বোঝা মনে করারও কোনো কারণ নেই। অটিজম একটি নিউরোডেভেলপমেন্টাল অবস্থা, যার ফলে যোগাযোগ, সামাজিক মিথস্ক্রিয়া, আচরণ ও শেখার ক্ষেত্রে ভিন্নতা দেখা দিতে পারে।
প্রতিটি অটিজম শিশুর সক্ষমতা আলাদা। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ, সহযোগিতা ও ভালোবাসা পেলে তাদের অনেকেই নিজেদের যোগ্যতা অনুযায়ী দক্ষ ও স্বাবলম্বী হয়ে উঠতে পারে।
তাই অটিজম শিশুদের প্রতি করুণা নয়—প্রয়োজন সম্মান, সহমর্মিতা, সহযোগিতা ও সমান সুযোগ।একটি শিশুকে দক্ষ ও স্বাবলম্বী করে তোলা শুধু পরিবারের দায়িত্ব নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সম্মিলিত দায়িত্ব।
অটিজম কোনো বোঝা নয়। একটু সুযোগ, একটু সহায়তা আর ভালোবাসা পেলে তারাও হতে পারে আমাদের সমাজের শক্তি।