মাগুরায় একটি ডিস্ট্রিবিউশন অফিসে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া এক লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মাগুরা সদর থানার এমআর রোডে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ট্রাইকোন এন্টারপ্রাইজের অফিসের ড্রয়ার থেকে চার লাখ ৩০ হাজার টাকা চুরি হয়। মুখে মাস্ক পরা এক ব্যক্তি অফিসে প্রবেশ করে টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবার নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান পিপিএমের তত্ত্বাবধানে সিসিআইসি টিম ঘটনাস্থলসহ বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে।

পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার চর গোয়ালপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে চুরির মূল পরিকল্পনাকারী মো. বাপ্পী হাসান (২৬) এবং চক্রের সদস্য মো. আসিফ শেখকে (২০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ১০ হাজার ৫৩০ টাকা, দুটি মোবাইল ফোন এবং চুরির কাজে ব্যবহৃত একটি হিরো এইচএফ ডিলাক্স মোটরসাইকেল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।