এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল চিনে গেমসের প্রস্তুতি হিসেবে ১০ দিনের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিতে যাচ্ছে। ১ সেপ্টেম্বর রাত ৯টায় বাংলাদেশ থেকে চীনের উদ্দেশে তারা রওনা দেবে।
জাতীয় দলের এই সফরে মাগুরা জেলার তিনজন নারী ফুটবলার জায়গা পেয়েছেন। তারা হলেন স্বর্ণা রানী মন্ডল (গোলরক্ষক), নবীরন খাতুন (ডিফেন্ডার) এবং অর্পিতা বিশ্বাস (ডিফেন্ডার)।
মাগুরার এই তিন ফুটবলারের জাতীয় দলে অন্তর্ভুক্তি জেলায় ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ তৈরি করেছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা তাদের সফলতা কামনা করে এশিয়ান গেমসে দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
চীনে অনুষ্ঠিতব্য ১০ দিনের এই ক্যাম্পে বাংলাদেশ নারী দল এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে নিবিড় অনুশীলন ও কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবাইয়ত হোসেন খান তাদের সফলতা কামনা করেছেন।