গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান—মোংলার দিগরাজ এলাকায় র‍্যাবের জালে ধরা পড়ল মাদকের বড় চালান। উদ্ধার করা হয়েছে ৫০ কেজি গাঁজা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

আজ মঙ্গলবার ০১সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে বাগেরহাট জেলার মোংলা থানাধীন দিগরাজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।

গ্রেফতার ব্যক্তি হলেন গোপাল সরকার (৫২) তিনি মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপাল সরকারের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাটের মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।