ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় অবৈধ উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ইসানুর এবং একই গ্রামের লেবুর আলীর ছেলে ইনতাদুল ইসলাম। র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২-এর স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, আজমপুরের মালাধরপুর এলাকায় মাদকের একটি চালান আসছে।
পরে র্যাবের একটি দল মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে অভিযান চালায়। এ সময় ইজিবাইকে করে মাদক পরিবহনের সময় তাদের আটক করা হয়। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ১৯৮ বোতল অবৈধ উইনকেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।