ভোলায় তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোটসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস ভোলা। অভিযানকালে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোটসহ ৮জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-বরিশালের বাকেরগঞ্জের পশ্চিম জিরাইল এলাকার মো. আবুল বাসার (৩৯), ভেলুমিয়া ইউনিয়নের চর গাজী এলাকার মো. ইসমাইল (৩১), কুঞ্জপট্টি এলাকার মো. সিদ্দিক হাওলাদার (৩০), চন্দ্রপ্রসাদ এলাকার মো. তারেক রহমান (২২), কুঞ্জপট্টি এলাকার মো. আরিফ হাওলাদার (৩০), পশ্চিম ইলিশার পাঙ্গাসিয়া বাগারহাট এলাকার মো. হাসান হাওলাদার (২৫), চরফ্যাশনের দুলারহাটের আহমেদপুর এলাকার মো. আলমগীর (৫৮) এবং দক্ষিণ আইচা থানার চর মানিকা এলাকার মো. রাজিব হাওলাদার (১৯)। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক আটজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ সময় জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এসব নৌযান নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা ভাঙনের ঝুঁকিতে পড়ে। এসব রক্ষায় বালুখেকোদের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।