মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬০ বস্তা ইউরিয়া সারসহ একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজমুদ্দিনের মেঘনা থেকে এগুলো জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ভোলার তজুমদ্দিনের মেঘনা নদী দিয়ে সার পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন। অভিযানের সময় নদীতে সন্দেহজনক একটি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে ট্রলারটি থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তা, অর্থাৎ প্রায় ৮ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারটিও জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।