বগুড়ার নন্দীগ্রামে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ খাজা মঈন উদ্দিন (৬৫) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিমোহনী হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে তৈয়বপুর গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ত্রিমোহনী হাটখোলা বাজারস্থ বটগাছের নিচে শাহাদত হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় খাজা মঈন উদ্দিনের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত খাজা মঈন উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে নন্দীগ্রাম থানা থেকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।