বগুড়ার নন্দীগ্রামে পুকুরে ডুবে ওসমান গণি (১১০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহাজ্জুদের নামাজের জন্য ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরে অজু করতে যান ওসমান গণি। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যান তিনি। এদিকে পরিবারের সদস্যরা ফজর নামাজের সময় উঠে তাকে বাড়িতে না পেয়ে মসজিদ সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
ভাটরা ইউনিয়ন পরিষদের সদস্য মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমান গণি অত্যন্ত প্রবীণ ও ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও তিনি নিয়মিত ইবাদত করতেন। অজু করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।