ঝিনাইদহে সড়কে বাস ও ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সড়ক অবরোধ ও ইজিবাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় বাস ও ইজিবাইকচালকদের মধ্যে এ বিরোধের সূত্রপাত হয়। পরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বাস রেখে সড়ক অবরোধ করেন বাসশ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হয়ে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, আঠারো মাইল এলাকায় সড়কে চলাচল নিয়ে বাস ও ইজিবাইকচালকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এতে ৩ জন বাস মালিক- জাহাঙ্গীর, খোকন, শান্তি বাবু কে লাঞ্চিত করা হয়। পরে বিষয়টি কেন্দ্র করে বাসশ্রমিকরা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন।
এ সময় দুটি বাস ও কয়েকটি ইজিবাইক ভাঙচুর করা হয়। এলাকায় চরম উত্তেজনা চলছে। সড়ক অবরোধের কারণে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। ঘটনা নিরসনের জন্য এরিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।