দিনাজপুরের হিলি স্থল কাস্টমস স্টেশনে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ হওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার পণ্য ধ্বংস করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা ও আইনি প্রক্রিয়া শেষে এসব পণ্য ধ্বংস করা হয়।

আজ বুধবার দুপুরে হিলির জালালপুরে গোহারা শ্মশান সংলগ্ন ময়লার ডিপোতে এসব পণ্য বিনষ্ট করা হয়। ধ্বংস করা পণ্যের তালিকায় ছিল ব্যবহারের অনুপযোগী খাদ্যদ্রব্য, বিভিন্ন তামাকজাত পণ্য ও প্রসাধন সামগ্রী। জিআর ভুক্ত এসব পণ্যের আনুমানিক পরিমাণ প্রায় ১.৫ মেট্রিক টন,যার আনুমানিক বাজারমূল্য অন্তত ১০ লাখ টাকা।

রোলার ও এক্সক্যাভেটর দিয়ে পণ্যগুলো পিষে ব্যবহারের অনুপযোগী করার পর স্বাস্থ্যবিধি মেনে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়।

এসময় সেখানে ধ্বংস কমিটির আহবায়ক রংপুর কাস্টম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান, সদস্য সচিব হিলি স্থল কাস্টমসের উপ কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন,কমিটির সদস্য সহকারি কমিশনার (ভূমি) মেহদি ইমাম, বিজিবি,পুলিশ,উপজেলা প্রশাসন,পরিবেশ অধিদপ্তর,ফায়ার সার্ভিস এবং পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।