মাগুরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাসারুল মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত বাসারুল মোল্লা পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকার মৃত সাত্তার মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাসারুল মোল্লা নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে ধানের মিলে ধান ভাঙানোর উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে মাগুরা সড়ক ও জনপথ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সওজ বিভাগের একটি দ্রুতগতির পানি বহনকারী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেলে বিক্ষুব্ধ স্থানীয় জনতা পানি বহনকারী ট্রাকটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।