সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩য় জেলা সম্মেলন উপলক্ষে ঝিনাইদহে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংগঠনের সমর্থকরা অংশগ্রহণ করেন।

এতে বিভিন্ন দাবি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহিদ মিনার চত্বর। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক শারমিন সুলতানা। বক্তব্য রাখেন জেলা বাসদের সভাপতি এ্যাড. আসাদুর ইসলাম। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট জেলা শাখার সংগঠক ও কেসি কলেজ শাখার আহ্বায়ক নুসরাত জাহান সাথী।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা কোনো পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। দেশের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত ও বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিক্ষার ব্যয় কমানো, শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। পরে ৩য় জেলা সম্মেলনের অন্যান্য আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।