ভোলার দৌলতখান উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একটি ডাকাতদল মহিষ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে কোস্টগার্ড। এর ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪টি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়।
একই সঙ্গে ৪ জনকে আটক করা হয়। আটকরা হলেন-দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের কয়ছর মাঝি (৬০), একই গ্রামের মো. আপন (২৬), ভবানীপুর গ্রামের মো. মফিজ খনকার (৬০) এবং ভোলা সদর উপজেলার দরিয়াম শংকর এলাকার কবির পঞ্চায়েত (৬২)। কোস্টগার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলা জেলার বিভিন্ন চরে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।