নীলফামারীর ডিমলায় সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের সদস্য সচিব কাজী হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি গণসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানের আওতায় উপজেলা পরিষদে যাতায়াতের সড়ক, সাব-রেজিস্ট্রার কার্যালয়, সেটেলমেন্ট অফিস এবং বাবুরহাট বাজার সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসাধারণকে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণের আহ্বান জানানো হয়।