মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এর সার্বিক দিকনির্দেশনায় এবং থান্দার খায়রুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরার তত্ত্বাবধানে মাগুরা সদর থানার শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নিঃ) শুভংকর রায়ের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।
১৮ সেপ্টেম্বর সকাল ৬.৩০ ঘটিকার সময় শত্রুজিৎপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী গ্রামের বারইখালী জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইলগামী পাকা রাস্তার ওপর একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০)-কে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত সাদা পাঞ্জাবির ডান পাশের পকেট হতে সাদা পলিথিনের ১০টি জিপারে রক্ষিত ৫শ পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মাগুরা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।