মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে, দিনের প্রথম প্রহরে সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পাশাপাশি বিউগলের করুণ সুরে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।
এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, বাংলাদেশে নিযুক্ত কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।