ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার সকালে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযানে যুবদলের নেতাকর্মীরা শহরের এইচএসএস সড়ক, পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, কেসি কলেজ এলাকাসহ বিভিন্ন স্থানের সড়ক, ড্রেন ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

এ ছাড়া এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশার বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বনের জন্য স্থানীয় বাসিন্দাদের আহ্বান জানান যুবদলের নেতাকর্মীরা।