রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মু. মাহবুবুর রশীদের সার্বিক দিকনির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি-ডিবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, আনুমানিক বিকেল ৪টা ১৫ মিনিটে তাজহাট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

অভিযানকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে যথাক্রমে ৮০০ ও ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১ হাজার ১০০ পিস।

গ্রেপ্তার মো. সেলিম মন্ডল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার চন্দ্রখানা এলাকার মৃত শাহ আলম মন্ডলের ছেলে। তাঁর মায়ের নাম মমেনা বেগম। অপর গ্রেপ্তার আমির হোসেন রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নম্বর ওয়ার্ডের কোর্ট ঘাঘটপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তাঁর মায়ের নাম মায়া রাণী বেগম।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। নগরীতে মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।