ঝিনাইদহে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। তিনি বলেন, তেলের পাচার রোধে তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, দেশে সারের কোন সংকট নেই। আগামী ধানের মৌসুমের আগে সোলার বিদ্যুতের ব্যবস্থা করা হবে।

এলাকার উন্নয়নের জন্য কাজ করা হবে। এ সময় সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদসহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয়, জনসেবা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত প্রতিনিধিরা জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।