নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আকস্মিক অসুস্থ হয়ে নূর হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি হরিশপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হরিশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার একপর্যায়ে নূর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন। পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নূর হোসেন জংলি ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। ছাত্রজীবনে তিনি বড় হরিশপুর ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।