ঠাকুরগাঁও রাণীশংকৈলে এক হাজার আটশত পিজ ইয়াবা ট্যাবলেটসহ ওয়ার্ড বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঠাকুরগাঁও এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় ৫ দিন আগে মাদক মামলায় জেল থেকে বেরিয়ে আসা ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার নাজির হোসেন ওই এলাকার মৃত আ. সামাদের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, হারুন আর রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার সন্ধ্যায় হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার বাড়ি থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয় এবং বাড়ির মালিক নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত নাজির হোসেনকে কিছুদিন আগেও গ্রেফতার করা হয়। জামিনে বেরিয়ে সে আবারো একই ব্যবসা শুরু করেন। এপ্রসঙ্গে হোসেনগা ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী বলেন, চলতি মাসে মাদক মামলায় গ্রেফতার হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সে আমাদের দলীয় কোন নেতা না, যদি পরিচয় দিয়ে থাকে তাহলে দলীয় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে আইনানুগ প্রক্রিয়ার শেষে তাকে আদালতে পাঠানোর হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি কর্তৃপক্ষ।