সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও দৈনিক সংবাদের বার্তা পরিবেশক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস (৮২) মারা গেছেন।
শুক্রবার ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে নিজ বাসায় তিনি মারা যান। তিনি এক মাসের বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা রোগে শয্যাশায়ী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুসকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। কিছুটা সু¯’ হলে তাকে বাসায় নেওয়া হয়। এরপর এক মাস আট দিন শয্যাশায়ী থাকার পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদের বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক মেয়ে, নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান মসজিদে তার জানাজা পরে সেখানেই তাকে দাফন করা হয়।