নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উচ্চশিক্ষার পথচলার প্রত্যয় নিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় নবীন শিক্ষার্থদের বরণ করে নেন, প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি ও অন্যান্য অতিথিরা।
পরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: মোত্তাহারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তাদের সম্ভাবনা, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য দেন। এ সময় নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে একজন শিক্ষার্থী নিজের অনুভূতি প্রকাশ করেন।
এরপর প্রধান অতিথি আলহাজ্ব মোশারফ হোসেন এমপি ফিতা কেটে কলেজের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করেন। পরে তিনি কলেজ ক্যাম্পাসে ঔষধি গাছের চারা রোপন করেন। এসময় শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মাহাবুবুর রশিদ, সহকারী অধ্যাপক বাবুল আকতার, সহকারী অধ্যাপক পিকেএম নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও বিদ্যোৎসাহী সদস্য রবিউল ইসলামসহ কলেজে শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।