উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আজ বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক আল মামুন মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য গোলজার হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ।

উদ্বোধনী খেলায় জয়পুরহাট পৌরসভা আক্কেলপুর উপজেলা ফুটবল দলকে ২-০ গোলে হারায়। আগামীকাল একই মাঠে পাঁচবিবি পৌরসভা একাদশ খেলবে কালাই উপজেলা একাদশের বিরুদ্ধে। টুর্নামেন্টে জেলার উপজেলা ও পৌরসভা মিলে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

তরুণদের মাঠমুখী করা এবং জেলার ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন বলে জানান আয়োজকরা।